মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের হাজী মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতৃত্ব নির্বাচন করা হয়।
কাউন্সিলে সভাপতি পদে ঘড়ি প্রতীকে ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান নজরুল আনারস প্রতীকে পেয়েছেন ১১২ ভোট। এ পদে ২টি ভোট বাতিল হয়।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে চাকা প্রতীকে ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার চৌধুরী লিটন। তাঁর প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান চেয়ার প্রতীকে পেয়েছেন ১০২ ভোট এবং নজরুল ইসলাম কয়েস মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬০ ভোট। এ পদে ৯টি ভোট বাতিল হয়।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম বুলবুল ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী শাহান মিয়া মই প্রতীকে ১৩১ ভোট এবং মোস্তাক আহমেদ ফুটবল প্রতীকে ৭৪ ভোট পেয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ১ নম্বর রহিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়া। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ছয় সদস্যবিশিষ্ট কাউন্সিল ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ২২ নভেম্বর ২০২৬ তারিখে অনুমোদিত ওই কমিটিতে সামছুল হক, তারেকুল ইসলাম, শাহান পারভেজ শিপন, হুমায়ুন কবির, জান্নাতুল ফেরদৌস ও রাসেল আহমেদ সদস্য হিসেবে দায়িত্ব পান।
কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রতিনিধি নাম 














