মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ৬ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) শ্রীমঙ্গল পৌরসভার আছদ্দর আলী রোডে অবস্থিত সেলিমা টি ট্রেডার্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মিয়া নাসির উদ্দিন আহমেদ, এসআই সজীব চৌধুরী ও এসআই মো. ইমানুর হোসেনসহ পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পরে সাক্ষীদের উপস্থিতিতে দোকানটি তল্লাশি করে ১৯টি প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৬০ পিস WishCare Lotion, ১৪৪ পিস WILD STONE Perfume, ৭২০ পিস Skinshine Cream, ৩০০ পিস POND’S Hydra Miracle, ১৫০ পিস Head & Shoulders Shampoo, ৩০০ পিস Mamaearth Face Wash এবং ৬০ পিস Garnier Micellar Cleansing Water।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দোকানদার জুবের আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বায়মপুর গ্রামের শওকত আলীর ছেলে।
পুলিশের দাবি, উদ্ধারকৃত পণ্যের বৈধ আমদানি-সংক্রান্ত কোনো কাগজপত্র গ্রেফতার ব্যক্তি দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশে আনার তথ্য দিয়েছেন।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তি ও তাঁর অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম :
দোকানে পুলিশের অভিযান, বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেননি ব্যবসায়ী
শ্রীমঙ্গলে ৬ লাখ ৭৩ হাজার টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, গ্রেফতার১
-
শ্রীমঙ্গল প্রতিনিধি - প্রকাশিত সময় : ০৫:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- ৬৩ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয়

















