কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় সালিশে জমির সীমানা নির্ধারণ ও দখলকৃত অংশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশীর বিরুদ্ধে অন্যের জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগের পাশাপাশি সরকারি পদমর্যাদার প্রভাব খাটিয়ে দখল বজায় রাখার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় নিজের জমি উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন করেছেন রেজিয়া বেগম।
গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ইউএনও বরাবর দেওয়া লিখিত অভিযোগে রেজিয়া বেগম উল্লেখ করেন, প্রতিবেশী সেলিনা বেগম তাঁর মালিকানাধীন আনুমানিক এক শতাংশ জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। শুধু তাঁর জমিই নয়, একই প্রাচীরের ভেতরে আশপাশের আরও কয়েকজনের জমি রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সীমানাপ্রাচীরের ভেতরে রেজিয়া বেগমের প্রায় এক শতাংশ, গোলাম রাব্বানীর ১৫ ফুট, মাওলানা আলীম উদ্দিনের এক শতাংশ এবং চেরাগ উদ্দিনের প্রায় দুই শতাংশ জমি রয়েছে।
জমি নিয়ে বিরোধ স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রেজাউল করিম ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালেহ আহমদসহ অন্যদের মধ্যস্থতায় সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষের সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়।
সালিশে উপস্থিত রেজাউল করিম জানান, দুই পক্ষের সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করার পর সীমানাপ্রাচীরের ভেতরে রেজিয়া বেগমের জমি পাওয়া যায়। পরে দখলকৃত অংশের প্রাচীর অপসারণ করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি বলে তিনি দাবি করেন।
অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালেহ আহমদও জানান, সালিশে জমি দখলের বিষয়টি উঠে আসে এবং দখলকৃত অংশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে অভিযুক্ত পক্ষ সেই সিদ্ধান্ত মেনে নেয়নি বলে তাঁর দাবি।
ভুক্তভোগীদের অভিযোগ, সেলিনা বেগমের মেয়ে রাবেয়া বেগম বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফার্স্ট সেক্রেটারি পদে কর্মরত। তাঁর সরকারি পদমর্যাদার প্রভাব খাটিয়ে জমির দখল বজায় রাখা হচ্ছে বলে অভিযোগকারীরা দাবি করেন।
নিজের জমি ফিরে পেতে রেজিয়া বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিরপেক্ষ তদন্ত, জমির দলিল-খতিয়ান ও দাগসংক্রান্ত কাগজপত্র যাচাই, সরেজমিনে সঠিক সীমানা নির্ধারণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
অভিযোগের সঙ্গে জমির দলিলের ফটোকপি, খতিয়ান ও দাগসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত সেলিনা বেগমের বক্তব্য জানতে তাঁর বাড়িতে একাধিকবার যাওয়ার চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সালিশের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া এবং জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের বিষয়টি এখন প্রশাসনিক হস্তক্ষেপের অপেক্ষায়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রতিনিধি নাম 














