মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সম্ভাব্য পুশইন প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টায় উপজেলার হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল আল মামুন, ৫৫ বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।
বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে ৭ নারী ও শিশুকে বাংলাদেশে পুশইনের ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল নাগরিককে সজাগ ও সচেতন থাকতে হবে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি করতে হবে এবং কোনো পুশইনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করতে হবে।”
তিনি আরও বলেন, “ওপার থেকে কাউকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে স্থানীয়রা যেন দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দেন।”
৫৫ বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম বলেন, “পুশইন প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক কোনো নারী, পুরুষ বা শিশুকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে হবে।”
তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, “পুশইনের মাধ্যমে আসা কোনো ব্যক্তির দায়িত্ব নিজেরা গ্রহণ করবেন না। বিজিবিকে অবহিত করলে আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় পুশইন প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
শিরোনাম :
শ্রীমঙ্গল সীমান্তে পুশইন প্রতিরোধে সচেতনতামূলক সভা, বিজিবির টহল জোরদার
-
প্রতিনিধি নাম - প্রকাশিত সময় : ১১:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- ৮৪ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয়










