শ্রীমঙ্গল প্রতিনিধি:দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে সতর্ক করার পরও পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মহিউদ্দিন ঝাড়ুর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এদিকে, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
উল্লেখ্য, প্রেস বিজ্ঞপ্তিতে মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারের কারণ হিসেবে দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
শ্রীমঙ্গল প্রতিনিধি 








