মেয়ের অসুস্থতা ও প্রতিবেশী এক নারীর মৃত্যুর কারণে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারেননি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। তবে দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগেও সতর্ক করার পর পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মহিউদ্দিন ঝাড়ুকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে বহিষ্কারের বিষয়ে মহিউদ্দিন ঝাড়ুর দাবি, পারিবারিক সমস্যার কারণে তিনি কর্মসূচিতে অংশ নিতে পারেননি। তিনি বলেন, মেয়ের অসুস্থতা এবং প্রতিবেশী এক নারীর মৃত্যুর কারণে বৃহস্পতিবার মৌলভীবাজারে জেলা যুবদলের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি। তবে শ্রীমঙ্গল থেকে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার জন্য ছয়টি বাসের ব্যবস্থা করেছিলেন তিনি। নিজের অনুপস্থিতিকে ভুল স্বীকার করে এ বিষয়ে সংগঠনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রত্যাশা করেন তিনি।
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদরও একই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহিউদ্দিন ঝাড়ুর মেয়ে অসুস্থ ছিল। পাশাপাশি তাঁর প্রতিবেশী এক নারীর মৃত্যু হওয়ায় তিনি জেলা পর্যায়ের কর্মসূচিতে যেতে পারেননি। তবে কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ছয়টি বাসের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। ওই বাসগুলোতে করেই শ্রীমঙ্গল থেকে নেতাকর্মীরা মৌলভীবাজারের কর্মসূচিতে অংশ নেন।
আব্দুল মুহিত কদর আরও বলেন, কর্মসূচি সফল করতে মহিউদ্দিন ঝাড়ু তাঁদের নিয়ে একাধিক বৈঠক করেছেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে শেষ মুহূর্তে তিনি নিজে উপস্থিত থাকতে পারেননি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শ্রীমঙ্গলে বিএনপির রাজনীতি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। সে সময় উপজেলা যুবদলের নেতৃত্ব দিয়ে দলীয় কর্মসূচি পালন করেছেন মহিউদ্দিন ঝাড়ু। বিভিন্ন রাজনৈতিক মামলায় তাঁকে কারাবরণও করতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
এ বিষয়ে জানতে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শিরোনাম :
মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা ঝাড়ু
ছয় বাসে নেতাকর্মী পাঠিয়েও রক্ষা হলো না, বহিষ্কৃত যুবদল নেতা মহিউদ্দিন ঝাড়ু
-
শ্রীমঙ্গল প্রতিনিধি - প্রকাশিত সময় : ০৮:৫৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- ৩৬ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয়









