মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২০) নামে এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) ভোর প্রায় ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গলের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা কদর আলী জানান, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান মেহেদী হাসান জানান, গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যান চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত লোকমান মিয়া পিকআপভ্যানের চালক ছিলেন। তাঁর বাড়ি শ্রীমঙ্গলের লালবাগ এলাকায়।
এ বিষয়ে হাইওয়ে থানার ওসি মামুন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, “পিকআপ চালকের মরদেহ বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
শিরোনাম :
শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
-
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ - প্রকাশিত সময় : ০৫:৪২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- ৮৮ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয়










