মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মাদকবিরোধী পৃথক দুই অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় বিপুল পরিমাণ গাঁজা, চোলাইমদ এবং মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে মঙ্গলবার (৩ জুন ২০২৬) শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আরামবাগে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ডিএনসি সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকার উকিল বাড়ি রোডে অভিযান চালিয়ে স্বপন রবিদাসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের সময় স্বপন রবিদাসের ভাই সাগর রবিদাস (৩৭) ও মিলন রবিদাস (৩২) পালিয়ে যান। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি। এ ঘটনায় স্বপন রবিদাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফুলছড়ায় চোলাইমদ তৈরির সরঞ্জামসহ গ্রেফতার
একই দিনে শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগানের ফুলছড়া দক্ষিণ লাইন এলাকায় অভিযান চালিয়ে রনি শংক বাউরি (২৮)-কে গ্রেফতার করা হয়। তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ লিটার ধারণক্ষমতার একটি জারে অ্যালকোহলযুক্ত চোলাইমদ এবং চোলাইমদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ২০০ লিটার ওয়াশসহ ৪টি ড্রাম উদ্ধার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে তাদের ‘ক’ ও ‘খ’ সার্কেলের সমন্বয়ে পরিচালিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানানো হয়েছে।
শিরোনাম :
শ্রীমঙ্গলে ডিএনসির পৃথক দুই অভিযানে ২ জন গ্রেফতার, মাদক ও সরঞ্জাম উদ্ধার
-
ডেস্ক নিউজ - প্রকাশিত সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- ১২০ টাইম ভিউ
ট্যাগ:










