শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ৩ দিনে ৩ মেশিন ও ৩৪০০ ঘনফুট বালু জব্
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযানে গত তিন দিনে ৩টি বালু উত্তোলন মেশিন এবং ৩৪০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুটিয়াছড়া এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হেকিম মিয়ার মালিকানাধীন জমির পাশের একটি লেবুবাগান থেকে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিনের উপস্থিতিতে প্রায় ১৫০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়।
এর আগে, গত ১ জুন উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক অভিযানে আরও ১৯০০ ঘনফুট বালু এবং অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি মেশিন জব্দ করা হয়। জব্দকৃত মেশিনগুলো আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা টিটু জানান, দীর্ঘদিন ধরে এলাকাটিতে পাকা সড়কের মুখে স্টিলের গেট স্থাপন করে বিশেষ ব্যবস্থায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল। এর আগে প্রশাসনের অভিযান পরিচালিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগও রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “বালুর বিষয় নিয়ে এই উপজেলায় কাউকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, পরিবেশ, কৃষিজমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
শিরোনাম :
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ৩ দিনে ৩ মেশিন ও ৩৪০০ ঘনফুট বালু জব্দ
-
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ - প্রকাশিত সময় : ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- ১১২ টাইম ভিউ
ট্যাগ:










