কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় চুরির মিথ্যা অপবাদ, মানসিক হয়রানি ও প্রাণনাশের হুমকির প্রতিকার চেয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য গ্রামের জেসমিন আক্তার (৩৮) নামের এক নারী বাদী হয়ে গত ১৫ অক্টোবর এই অভিযোগটি জমা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শ্রীসূর্য গ্রামের বাসিন্দা জেসমিন আক্তারের স্বামী মতিউর রহমান খান টিটু ও পরিবারের সদস্যদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিবেশী জমসেদ আলী, মুজাহিদ খান,সেজু খান, গিয়াস খান, সেলিম খান এবং সাইফুল খানদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে বিভিন্ন সময় স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও বিবাদী পক্ষ তা অমান্য করে আসছিল। ঘটনার বিবরণীতে বাদী উল্লেখ করেন,গত ১১ অক্টোবর সকাল ৭টার দিকে বিবাদী পক্ষ তাদের বাড়িতে এসে একটি সিএনজি চুরির মিথ্যা অভিযোগ তোলে।
জানা যায়, ৩নং বিবাদী সেজু খানের একটি সিএনজি জেসমিন আক্তারের বাড়িতে রাখার জন্য তাকে মাসিক ৭০০ টাকা দেওয়া হতো। কিন্তু গাড়িটির দেখাশোনা বা নিরাপত্তার কোনো দায়িত্ব জেসমিন আক্তার বা তার পরিবারের ছিল না। সম্প্রতি উক্ত সিএনজিটি চুরি হয়ে গেলে বিবাদীরা পূর্ব শত্রুতার জের ধরে জেসমিন আক্তারের পরিবারের ওপর চুরির মিথ্যা দায় চাপায়।
লিখিত অভিযোগে আরও বলা হয়,সিএনজি চুরির মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবেশীরা জেসমিন আক্তারের পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি,বিভিন্ন ধরনের ক্ষতিসাধন এবং পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিচার-সালিশকারীদের জানানো হলেও বিবাদীরা বিষয়টি মীমাংসা করতে অস্বীকৃতি জানায়। বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারটি।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কমর উদ্দিন বলেন,অভিযোগটি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।
প্রতিনিধি নাম 










