কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক কাউন্সিল আগামীকাল বুধবার (২৫ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলকে ঘিরে পুরো ইউনিয়নজুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঢাকঢোল বাজিয়ে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কাউন্সিল সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
কাউন্সিলে শীর্ষ তিনটি পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে মো. আতাউর রহমান নজরুল (আনারস প্রতীক) এবং মোস্তাফিজুর রহমান চৌধুরী শিপলু (ঘড়ি প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন প্রত্যাশা করছেন।
১নং রহিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই কাউন্সিল পরিচালনা ও সঞ্চালনা করবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ও আহ্বায়ক জয়নু চৌধুরীসহ মো. ইলিয়াস আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. অলি আহমেদ খান এবং যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেনসহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ।
এদিকে, আসন্ন এই কাউন্সিলকে শান্তিপূর্ণ, সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন আয়োজক নেতৃবৃন্দ।
প্রতিনিধি নাম 













